সুনামগঞ্জ প্রতিনিধি :
অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এমন পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সরকার ও আওয়ামী লীগকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে জেলা এবি যুব পার্টির কমিটি গঠন ও তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, বেশ কিছুদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করে আসছি। সরকারের বিভিন্ন ব্যর্থতা নিয়ে আমাদের সংসদ সদস্যরা জাতীয় সংসদেও কথা বলেছেন। ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের দাবিও জানানো হয়েছে।
তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও গুপ্ত হামলার ঘটনার পর এসব ঘটনা ধীরে ধীরে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। অন্যদিকে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীদের বাড়িঘরেও হামলার ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, পুরো ডিসেম্বর মাসজুড়েই তাদের কর্মসূচি রয়েছে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে। ১১ দলীয় জোটেরও বিভিন্ন কর্মসূচি রয়েছে। নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ জানানো হবে। সরকারের দলের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তারাও নিজস্ব কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাবেন।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ তুলে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও কর্মসূচি অব্যাহত রাখতে হবে। তবে এই ঐক্যের মূল ভিত্তি হতে হবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়িত হলেই জাতীয় ঐক্য পূর্ণতা পাবে।
সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ তালহা আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা ছিলেন এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক গাজী নাসির এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। এ ছাড়া বক্তব্য দেন জেলা কমিটির সদস্যসচিব আলী আসগর ইমন, হাফিজ মোশাহিদ আলী, সাঈদ হোসেন সবুজ ও হাজী আনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে সুজন আহমেদকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।