Oplus_16908288
ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে আবাসিক এলাকার বসতবাড়ির অভ্যন্তরে পরিবেশ আইন ও নিয়মনীতি লঙ্ঘন করে অবৈধভাবে “হযরত শাহজালাল (র.) অটো রাইস চার কয়েল এন্ড মসলা মিল” নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান চালুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র শব্দদূষণ, বায়ুদূষণ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার প্রতিকার চেয়ে বুধবার (১৮ নভেম্বর) ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন কালারুকা ইউনিয়নের বরবাপুর প্রকাশ দিগলবন্দ গ্রামের বাসিন্দা শামীম আহমদ।
অভিযোগে বিবাদী করা হয়েছে একই গ্রামের মৃত কাপ্তান মিয়ার দুই ছেলে মামুনুর রশিদ ও আমিনুর রশিদকে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা জনবসতিপূর্ণ এলাকায় কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র বা বৈধ কাগজপত্র ছাড়াই বসতবাড়ির ভেতরে এই অটো রাইস ও মসলা মিল স্থাপন করেছেন। মিলটি চালুর পর থেকেই ধান ভাঙানো ও মসলা পেষার সময় সৃষ্ট বিকট শব্দে এবং বাতাসে ছড়িয়ে পড়া গুঁড়ো ধূলিকণায় আশপাশের পরিবেশ চরমভাবে দূষিত হচ্ছে। এর ফলে এলাকার শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। বিশেষ করে শ্বাসকষ্ট, অ্যাজমা রোগী ও শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া মিলের অতিরিক্ত কম্পনের কারণে পার্শ্ববর্তী ঘরবাড়ির দেওয়াল ও কাঠামোগত ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে।
অভিযোগকারী শামীম আহমদ জানান, আবাসিক এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কারখানা পরিচালনার প্রতিবাদ করায় বিবাদীরা এলাকাবাসীকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। এমতাবস্থায় পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য ও জানমাল সুরক্ষায় মিলটির অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন বলেন, অভিযোগটি এখনো আমার কাছে উপস্থাপিত হয়নি। অভিযোগ দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।