মানিকগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের তিন দিনব্যাপী পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা

সাইফ উল্লাহ::

মানিকগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের MAIN ও GASN (চার বছর) পুষ্টি কার্যক্রমের পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় মানিকগঞ্জের কৈট্টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জমিরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার চিকিৎসক সুবীর খেয়াং বাবু এবং প্রকল্প সমন্বয়ক সোহেল রানা। এ ছাড়া দি হাঙ্গার প্রজেক্টের পাঁচটি অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী (আরসি), উপজেলা সমন্বয়কারী, ইউনিয়ন সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, চলমান কার্যক্রমের অগ্রগতি ও অর্জন পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

কর্মশালার আলোচ্যসূচির মধ্যে রয়েছে টেকসই পুষ্টি মডেল বাস্তবায়ন, পুষ্টিসমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলা, উপজেলা পুষ্টি উদ্যোক্তা সমবায় সমিতি গঠন, ত্রিপক্ষীয় সমন্বয় ও অংশীদারত্ব জোরদারকরণ এবং ডিজিটাল মনিটরিং ও তথ্য ব্যবস্থাপনার উন্নয়ন।

এ ছাড়া মাঠপর্যায়ে প্রকল্পের কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করার কৌশল নির্ধারণ এবং আগামী বছরের বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মশালার মাধ্যমে বিগত সময়ের অভিজ্ঞতা ও অর্জন পর্যালোচনার পাশাপাশি পুষ্টি কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে অংশীদারত্ব জোরদার এবং পুষ্টিসমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম প্রতিষ্ঠার উদ্যোগকে আরও গতিশীল করার প্রত্যাশা করছেন আয়োজকেরা।