স্টাফ রিপোর্টার::
নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে এরই মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে আগাম প্রচার-প্রচারণা। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা, সর্বত্রই চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে, কেউবা সরাসরি ভোটারদের কাছে গিয়ে নিজের প্রার্থিতার কথা জানাচ্ছেন। দোয়া ও সমর্থন চাওয়ার পাশাপাশি দিচ্ছেন ইউনিয়নের উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি।
নির্বাচন ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতা। দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী চারজনের সাক্ষাৎকার নিয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি। তাঁদের নিজ নিজ এলাকায় নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশন দিয়েছে।
সাক্ষাৎকার দেওয়া চারজন হলেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রশিদ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, জেলা জিসাসের সভাপতি মছিহুর রহমান রাসেল এবং বিএনপি কর্মী আব্দুল কাইয়ুম।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই চার মনোনয়নপ্রত্যাশী ইউনিয়নের চারটি পৃথক ওয়ার্ডের বাসিন্দা। তবে তাঁদের ওয়ার্ডগুলোতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন সমীকরণ। আমিনুর রশিদের ওয়ার্ড থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মাঠে আছেন মাওলানা ওলিউর রহমান। সেলিম আহমদের ওয়ার্ডে মোহনপুর গ্রামবাসীর সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টির মোহাম্মদ আলীকে প্রার্থী করার কথা রয়েছে। আব্দুল কাইয়ুমের ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার কথা রয়েছে আওয়ামী পরিবারের পায়েছ আহমদের। অন্যদিকে মছিহুর রহমান রাসেলের ওয়ার্ডে ওয়ার্ডবাসীর সর্বসম্মতিক্রমে তিনিই একক প্রার্থী হিসেবে রয়েছেন।
চারজনই প্রার্থিতা নিয়ে আলোচনা করলেও এখন পর্যন্ত মাঠপর্যায়ে সক্রিয় প্রচারণায় এগিয়ে রয়েছেন মছিহুর রহমান রাসেল। ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন, চাইছেন দোয়া ও সমর্থন। বিশেষ করে তরুণদের মধ্যে তাঁর নির্বাচনী তৎপরতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
উজান রামনগর গ্রামের আব্দুল মুকিত বলেন, ‘মছিহুর রহমান রাসেল চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইউনিয়নের মানুষের দোয়া নিচ্ছেন। এই মানুষটি ইউনিয়নের যেকোনো মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়ান। আশা করি, এবার তাঁর বিজয় হবে।’
নুরুল্লাহ গ্রামের আকমল হোসেন বলেন, ‘এলাকার বিপদে-আপদে যাকে পাশে পাব, তাঁকেই ভোট দেব। তবে এ বিষয়ে রাসেল ভাই এগিয়ে আছেন।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের যুবসমাজের মধ্যেও নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন রাসেল। তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার মাধ্যমে তাঁদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন তিনি।
মছিহুর রহমান রাসেল বলেন, ‘জীবনের প্রতিটি মুহূর্তেই মানুষের জন্য কাজ করি। দলের কাছে সাক্ষাৎকার দিয়েছি। আশা করি, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে আমার ভূমিকা বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে। নির্বাচিত হলে মোহনপুর ইউনিয়নকে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আশা করি, ইউনিয়নের মানুষ আমাকে তাঁদের সেবা করার সুযোগ দেবেন।’
তবে নির্বাচনের তফসিল ঘোষণা এবং দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে প্রার্থীদের এই তৎপরতা শেষ পর্যন্ত ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। আপাতত মোহনপুর ইউনিয়নের চায়ের আড্ডা থেকে পাড়া-মহল্লা—সবখানেই আলোচনার কেন্দ্রে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন।