দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দিরাই উচ্চ বিদ্যালয় জাতীয়করণের সম্ভাব্য তালিকায় স্থান পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় বিদ্যালয়টির নাম অন্তর্ভুক্ত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে। তবে জাতীয়করণের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি সরকারি হওয়ার পর শিক্ষার মান, শিক্ষক সংকট ও ফলাফল নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক শাখা থেকে গত ৪ নভেম্বর জারি করা এক চিঠিতে এ তালিকা প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত নির্বাচিত স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে।
দিরাই উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে দিরাইসহ বৃহত্তর হাওরাঞ্চলে মাধ্যমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি। জাতীয়করণের সম্ভাব্য তালিকায় নাম আসায় দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের স্বপ্ন দেখছেন স্থানীয়রা।
তবে স্থানীয় শিক্ষাসংশ্লিষ্টদের একাংশের মতে, শুধু জাতীয়করণ হলেই শিক্ষার মান নিশ্চিত হবে না। উপজেলা পর্যায়ে ইতোমধ্যে জাতীয়করণ হওয়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট ও সন্তোষজনক ফলাফল না হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তাই দিরাই উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হলে শিক্ষার মান বজায় রাখা, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ এবং পাঠদানের পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
বিদ্যালয়ের অভিভাবক মিঠুন সরকার বলেন, দিরাই উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের বহু প্রজন্মের শিক্ষা ও ঐতিহ্যের ধারক। বিদ্যালয়টি জাতীয়করণ হলে সাধারণ ও নিম্নআয়ের পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে দুর্গম হাওরাঞ্চলের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দিরাইসহ বৃহত্তর হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশা করি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ হাসান অলেক বলেন, শতবর্ষী দিরাই উচ্চ বিদ্যালয়ের নাম জাতীয়করণের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী। এ উদ্যোগের জন্য স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা আশা করি, জাতীয়করণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত হবে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলে এটি শুধু দিরাই উচ্চ বিদ্যালয়ের জন্য নয়, পুরো দিরাই উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর বলেন, জাতীয়করণের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ সৃষ্টির পথ সুগম হবে। তবে জাতীয়করণের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষক সংকট নিরসনেও গুরুত্ব দিতে হবে।