তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে পেটের দায়ে বালু উত্তোলন করতে গিয়ে সেভ মেশিনের আঘাতে শাহীন মিয়া (২০) নামে এক দিনমজুর যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।
আহত শাহীন মিয়া দক্ষিণ কূল গ্রামের বাসিন্দা। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে জীবিকার তাগিদে যাদুকাটা নদীতে বালু উত্তোলনের কাজ করতেন তিনি। কাজ করার সময় সেভ মেশিনের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। হতদরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। মানুষের আর্থিক সহায়তায় কোনোমতে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
এদিকে আহত শাহীনের চিকিৎসায় সহযোগিতার জন্য দেশ-বিদেশের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তা ও দোয়া চেয়েছেন স্বজন ও স্থানীয়রা। তাদের দাবি, সামান্য সহযোগিতাও অসহায় পরিবারটির জন্য অনেক বড় সহায়তা হতে পারে।
আহত শাহীনের পিতা সেলিমের ব্যক্তিগত বিকাশ নম্বরে (০১৭৮৬-২৬০৯৩৯) আর্থিক সহায়তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শাহীনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।