জামালগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, আহমত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ বাজারের থানা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সঙ্গে যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও আজিজের বিরোধ চলে আসছিল। আহ্বায়ক শফিকুর রহমানের সঙ্গে মো. শাহজাহান যুক্ত হওয়ার পর দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়।

এরই ধারাবাহিকতায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে দুই পক্ষ পৃথকভাবে র‌্যালি বের করে। র‌্যালি দুটি ভিন্ন দিক থেকে এসে জামালগঞ্জ থানার সামনের সড়কে পৌঁছালে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক অভিযোগ করে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে বিএনপি। কিন্তু এতদিন যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন, তাঁদের একজন মো. শাহজাহানকে সঙ্গে নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তাঁদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছেন। চারজন যুগ্ম আহ্বায়কসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মী তাঁদের মিছিলে ছিলেন। আওয়ামী লীগের ওই নেতাকে সঙ্গে নিয়ে তাঁদের মিছিলের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়। এতে তাঁদের তিন-চারজন আহত হয়েছেন।

অন্য পক্ষের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী বলেন, তাঁরা মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে এসে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এতে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, বিএনপির দুই গ্রুপ পৃথক স্থান থেকে র‌্যালি বের করে। থানার সামনের সড়ক অতিক্রম করার সময় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুই পক্ষ দুই দিকে অবস্থান করছে।