রাধারমণের ১১১তম প্রয়াণ দিবস কাল, সুনামগঞ্জ ও জগন্নাথপুরে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার::
‘ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া’—কালজয়ী এমন অসংখ্য গানের স্রষ্টা মরমী কবি ও ধামাইল গানের প্রবর্তক রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর)। এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুরে আলোচনা সভা, স্মরণানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে কবির জন্মভূমি জগন্নাথপুরের কেশবপুরে সমাধিস্থলের পাশে অনুষ্ঠান আয়োজন নিয়ে স্থানীয় একটি সংগঠনের আপত্তি ঘিরে তৈরি হয়েছে আলোচনা।

রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ২০টির বেশি সাংস্কৃতিক ও ধামাইল সংগঠন অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে দিরাইয়ের কনকচাঁপা ধামাইল দল ও মনোরঞ্জন সংস্কৃতি চর্চা কেন্দ্র, শান্তিগঞ্জের ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী ও লোকসংগীত একাডেমি, ছাতকের রাইবিনোদিনী ধামাইল দল, পিয়াইন ধামাইল দল এবং সুনামগঞ্জ সদর উপজেলার কলি ধামাইল দল, গানের পাঠশালা, প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র, সোনিহী সংগীত বিদ্যালয়, বাণী সংগীত বিদ্যালয়, কৃষ্ণকলি ধামাইল দল, শতদল ধামাইল দল, সুন্দরম শিল্পীগোষ্ঠী, বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন।

এ ছাড়া জেলা বাউল সমিতি, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ ও বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

অন্যদিকে রাধারমণ দত্তের জন্মস্থান জগন্নাথপুর উপজেলায় দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এবার কবির সমাধিস্থল কেশবপুরে অনুষ্ঠান না করে জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াণ দিবস পালন করা হবে।

এদিকে কবির প্রয়াণ দিবসের অনুষ্ঠান কেশবপুরের সমাধিস্থলসংলগ্ন এলাকায় আয়োজন না করার দাবি জানিয়েছে স্থানীয় সংগঠন ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। সংগঠনটির সদস্যরা গানবাজনাকে অনৈসলামিক উল্লেখ করে এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।

আবেদনে বলা হয়েছে, কেশবপুর বাজার-সংলগ্ন কবরস্থান এলাকায় রাধারমণ দত্তের নাম ব্যবহার করে গানবাজনাসংশ্লিষ্ট কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। জনস্বার্থে কবরস্থান-সংলগ্ন এলাকায় এ ধরনের কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে মরমী কবি রাধারমণ দত্তের সমাধিস্থল অবস্থিত। এর আগে গ্রামের বাজারসংলগ্ন খোলা মাঠে তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবারও ১১১তম প্রয়াণ দিবস উপলক্ষে সেখানে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি। উপজেলা পরিষদের সামনে সে অনুষ্ঠান হবে।

উল্লেখ্য, রাধারমণ দত্ত বাংলা লোকসংগীত ও ধামাইল গানের জগতে এক অনন্য নাম। তাঁর রচিত ‘আমার বন্ধু দয়াময়’, ‘জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়’, ‘জলে যাইও না গো রাই’, ‘আমি কারে বা দেখাব মনের দুঃখ গো হৃদয় চিরিয়া’, ‘শ্যাম কালিয়া সোনা বন্ধু রে’ এবং ‘আমার বন্ধু বিনোদিয়া’সহ অসংখ্য গান আজও মানুষের মুখে মুখে ফেরে। প্রেম, বিরহ, ভক্তি ও মানবিক অনুভূতির অপূর্ব প্রকাশ ঘটেছে তাঁর গানে। প্রজন্ম থেকে প্রজন্মে তাঁর সৃষ্টি বাংলা লোকসংগীতের অমূল্য সম্পদ হয়ে আছে।