দিরাইয়ে নাট্যাভিনেতা নজরুল ইসলামকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিরাই প্রতিনিধি:
দিরাইয়ের প্রখ্যাত নাট্যাভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম নজরুল ইসলাম-এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট, দিরাই এই আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিবীণা সাংস্কৃতিক সংসদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার। বিশেষ অতিথি ছিলেন দিরাই পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর।

স্মৃতিচারণ করেন, সংগীত শিক্ষক বিষ্ণু পদ দাস, পৌর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, ধামাইল উন্নয়ন পরিষদ (উপজেলা শাখা) এর সভাপতি অসীম চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, খেলাঘর (উপজেলা শাখা) এর সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, কবি মিজানুর রহমান মিজান, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, সাংস্কৃতিক কর্মী প্রদীপ দে, মৃদুল চৌধুরী, বাউল শিমুল বিশ্বাস, অনুপম দাস, দীপক নন্দী, সিজিল মিয়া তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নজরুল ইসলাম ছিলেন একজন নিস্বার্থ, নির্লোভ ও নিরহংকার সাংস্কৃতিক সংগঠক। তাঁর মৃত্যু দিরাইয়ের সাংস্কৃতিক জগতে এক অপুরণীয় শূন্যতা তৈরি করেছে। তিনি ছিলেন অংকুর সাংস্কৃতিক ও সেবা পরিষদের সাধারণ সম্পাদক এবং উপজেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য, যার মাধ্যমে তিনি দীর্ঘদিন সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

আলোচনা সভা শেষে মরহুমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান।