সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালেব খাঁন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টায় ধর্মপাশা উপজেলার উকিলপাড়া এলাকার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আব্দুল মোতালেব খাঁন বলেন, “৭৯ সাল থেকে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের শাসনামলে বারবার জেল–জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমি প্রতিটি আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছি এবং দলের কাজ নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি। আশা করি, দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন প্রদান করবে।“
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে জনগণের কাছে তা পৌঁছে দিতে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনফর আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মেম্বার, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ, সদস্য মো. ফারুক মিয়া, সাবেক ছাত্রদল নেতা আরাফাত রহমান খান তানভীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় নেতারা আব্দুল মোতালেব খাঁনের ক্লিন ইমেজ ও ত্যাগের কথা তুলে ধরে তার পক্ষে সমর্থন জানান এবং ৩১ দফার সফল বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।