আল-মারজান বিজয় পাশা::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা যখন দারুণভাবে গতি পেয়েছে, ঠিক সেই সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতার ঘোষণা দিলেন দিরাই উপজেলার কালধর গ্রামের সুপরিচিত ব্যক্তিত্ব ঋতেশ দেব ঝিনুক। গত ২১ নভেম্বর (শুক্রবার) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থীতা ঘোষণা করেন এবং দিরাই-শাল্লাবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
শিক্ষাজীবনে ঋতেশ দেব ঝিনুক দি এইডেড হাইস্কুল থেকে এসএসসি, সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কলেজজীবনে তিনি জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে সংগঠিত রাজনীতি থেকে দূরে সরে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির নানা দিক পর্যালোচনায় মনোযোগী হন। তিনি জানান, এর আগেও বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে ঋতেশ দেব ঝিনুক তাঁর নির্বাচনী পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। “অর্থনৈতিক মুক্তি”কে প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে তিনি কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজের প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, জরুরি সেতু নির্মাণ, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন এবং বোয়ালিয়া-আকিলশাহ এলাকায় নতুন হাসপাতাল স্থাপনের উদ্যোগের কথা জানান। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, ওয়ার্ডভিত্তিক লাইব্রেরি স্থাপন, খেলার মাঠ নির্মাণ, জলমহাল ব্যবস্থাপনা সংস্কার, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদার করাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি উচ্চারণ করেন তিনি।
গার্মেন্টস শিল্পে কর্মরত ও বিদেশপ্রত্যাগত দিরাই-শাল্লাবাসীর সুবিধা–অসুবিধা এবং দুর্ঘটনায় দ্রুত সহায়তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও জানান স্বতন্ত্র এ প্রার্থী। একই সঙ্গে তিনি এলাকাবাসীর সমস্যা গ্রামে গ্রামে গিয়ে লিপিবদ্ধ করে ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন।
নিজের এই নির্বাচনী লড়াইকে কেবল ব্যক্তিগত নয়, বরং “দিরাই-শাল্লাবাসীর আমাদের নির্বাচন” হিসেবে উল্লেখ করে ঋতেশ দেব ঝিনুক সকলের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
পর্যবেক্ষক মহলের মতে, তাঁর স্বতন্ত্র প্রার্থীতা দিরাই-শাল্লার রাজনৈতিক অঙ্গনে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে।