৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রফিনগরের তান্নি

Oplus_16908288

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে আনন্দের জোয়ার বইছে। ৪৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রফিনগর গ্রামের কৃতি সন্তান তানিয়া আক্তার তান্নি।
তানিয়া আক্তার তান্নি রফিনগর ইউনিয়নের তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেকের ছোট মেয়ে। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে স্থান করে নিয়েছেন। এ সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে আনন্দের বন্যা।
ইউনিয়নের মানুষের মুখে মুখে এখন তানিয়ার অর্জনের প্রশংসা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই সাফল্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও যুবসমাজ তানিয়ার সাফল্যে গভীর আনন্দ প্রকাশ করেছেন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।
তানিয়া আক্তার তান্নি নিজের এই অর্জনকে দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “বাবার স্বপ্ন ছিল দেশের মানুষের জন্য কাজ করতে দেখবেন আমাকে। আজকের এই অর্জন তাকে উৎসর্গ করলাম।”
রফিনগর ইউনিয়নের গর্ব হয়ে ওঠা তানিয়ার এই সাফল্য স্থানীয় শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে—এমনটাই আশা করছেন এলাকাবাসী।