ময়মনসিংহ সংবাদ দাতা::
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি–স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আন্তঃধর্মীয় সম্প্রীতির বাস্তবতা ও করণীয় বিষয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ সংলাপে সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। সভাপতি হিসেবে অধিবেশন পরিচালনা করেন ইয়াজদানী কোরায়শী। প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ড. নাজমুন নাহার নূর লুবনা।
সমাবেশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্না পাপুল এবং জন প্রশাসন ও শাসন বিভাগের সহকারী অধ্যাপক তানজিল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল কান্তি বড়ুয়া, ফাদার নরবার্ট গোমেজ, স্বামী কল্যাণদাননন্দ, ময়মনসিংহ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুল হক, বিভাগীয় কমিশনার কার্যালয়ের বিপিন চন্দ্র বিশ্বাস, এবং ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, অন্তঃধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য, যা রক্ষা ও সুদৃঢ় করতে সমাজের সকল শ্রেণির মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংলাপে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও সহনশীলতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিরা আন্তঃসম্প্রীতি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।