স্টাফ রিপোর্টার :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারের জন্য আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সিইসি বলেন, ৩০০ আসনের জাতীয় সংসদের নির্বাচন ও সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ ২০২৫–এর ওপর গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
তিনি জানান- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি, নিষ্পত্তি হবে ১২–১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত তালিকা প্রকাশ ২১ জানুয়ারি।
প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ মিনিট পর্যন্ত।
সিইসি নাসির উদ্দিন বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের প্রধান লক্ষ্য। ইতোমধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়েছে, অকার্যকর পোস্টাল ভোটকে কার্যকর করা হয়েছে।”
সিইসি জানান, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এদের মধ্যে—পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি নির্ধারণ করা হয়েছে। সময় সাশ্রয়ের জন্য প্রতিটি কক্ষে দুইটি করে গোপন কক্ষ থাকবে। এছাড়া ভোটের সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
তফসিল ঘোষণার আগে বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন সিইসি। তিনি রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিইসি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটসম ক্ষমতায় বিচারকদের মাঠে প্রয়োজন। এ জন্য ৩০০ জন বিচারক চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
প্রায় ১৩ কোটি ভোটারের জন্য ইসি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় বাড়ানোসহ নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাতেও নতুন পরিকল্পনা যুক্ত করা হয়েছে।