আজ দিরাইয়ে ঐতিহ্যবাহী ধলের মেলা

দিরাই প্রতিনিধি:
“বারো মাসে তের পার্বণ”-বাংলার এই চিরচেনা প্রবাদ উৎসবমুখর গ্রামীণ সংস্কৃতির কথাই স্মরণ করিয়ে দেয়। ঋতু বদলায়, সময় বদলায়, কিন্তু গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মেলা ও উৎসবের আবেদন আজও অমলিন। সেই ধারাবাহিকতায় আগামী কাল বুধবার সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল গ্রামে বসছে ঐতিহ্যবাহী ধলের মেলা।
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত বাউল শিল্পী শাহ আব্দুল করিম-এর স্মৃতিধন্য কালনী নদীর তীরে আয়োজিত এ মেলাকে ঘিরে ইতোমধ্যেই উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এসে মেলা মাঠে দোকানপাট সাজিয়ে
বসেছেন। আয়োজকরা আশা করছেন, এবার প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য গঠন করা হয়েছে মেলা পরিচালনা কমিটি। সংশ্লিষ্টরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াইশ বছর আগে ধল গ্রামের মাঠে একটি ‘পরমেশ্বরী শিলা’ আবিষ্কৃত হয়। এরপর থেকে ফাল্গুন মাসের প্রথম বুধবার হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে পূজা-অর্চনা করে আসছেন। পূজাকে কেন্দ্র করে মাঠে বসতে শুরু করে গ্রামীণ মেলা। সময়ের পরিক্রমায় তা রূপ নেয় বৃহৎ সামাজিক উৎসবে। দিরাই উপজেলার তাড়ল, কুলঞ্জ ও জগদল ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী শাল্লা, নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ সরাসরি এ মেলার সঙ্গে সম্পৃক্ত।
মেলাকে কেন্দ্র করে এলাকার প্রতিটি ঘরে ঘরে শুরু হয়েছে অতিথি আপ্যায়ন। বিশেষ করে এদিন জামাইদের শ্বশুরবাড়িতে উপস্থিত হওয়া যেন অলিখিত রীতি। মেলার প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে বেল ও ইক্ষু (কুইয়ার), পাশাপাশি দই, মুড়ি ও রসগোল্লার দোকানেও থাকে উপচেপড়া ভিড়।
ধলের মেলাকে কেন্দ্র করে শাহ আব্দুল করিম রচনা করেছেন ‘ধলের মেলা’ নামে একটি বই। তাঁর বিখ্যাত গানের কলি- “ফাল্গুণে এসেছে ধলের মেলা/ যাবি যদি আয় দলে দলে, উঠেছে বেলা”-আজও মেলায় আগত মানুষের কণ্ঠে উচ্চারিত হয়। প্রতি বছর মেলায় যাত্রাগান, বাউলগান, সার্কাসসহ বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়। করিমের শিষ্যরা আয়োজন করেন ‘করিম সংগীত’-এর আসর, যেখানে সারারাত তাঁর গান পরিবেশিত হয়।
একসময় ধলের মেলা ছিল হাওরাঞ্চলের মানুষের প্রধান বিনোদনের কেন্দ্র। মেলার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রাশিল্পীদের আনা হতো। ‘নিমাই সন্ন্যাস’, ‘রহিম বাদশা-রূপবান’, ‘রাজা হরিশচন্দ্র’সহ নানা যাত্রাপালা মঞ্চস্থ হতো। পাশাপাশি সার্কাস, পুতুলনাচ ও বাউলগানের জমজমাট আয়োজন থাকত। তবে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, কালের পরিক্রমায় মেলার ঐতিহ্য কিছুটা ক্ষুণ্ণ হচ্ছে। প্রশাসন ও আয়োজকদের যথাযথ তদারকি থাকলে মেলার ঐতিহ্য ও সংস্কৃতিমূল্য অক্ষুণ্ণ রাখা সম্ভব।
সব মিলিয়ে ফাল্গুনের প্রথম বুধবার ধলের মেলা এখনো হাওরাঞ্চলের মানুষের মিলনমেলায় পরিণত হয়-যেখানে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই মেতে ওঠেন গ্রামীণ উৎসবের আনন্দে।