ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ৬২তম বসন্ত রাসলীলা উৎসব আগামী ৬ মার্চ, শুক্রবার (বাংলা ১৬ ফাল্গুন) অনুষ্ঠিত হবে। ছাতকের ধনীটিলায় অবস্থিত রাসনগর উত্তর পল্লী জগন্নাথ জিউ মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে শ্রী শ্রী কৃষ্ণ বসন্ত রাসলীলা উদযাপন কমিটি।
ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ঐশী লীলা স্মরণে আয়োজিত এ বসন্ত রাসলীলা ঘিরে মণিপুরী অধ্যুষিত ধনীটিলা, রতনপুর ও রাসনগর গ্রামে বইছে উৎসবের আমেজ। আয়োজন কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি–এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন সিংহ জানান, উৎসবকে সফল করতে গত কয়েকদিন ধরে স্থানীয় মণিপুরী সম্প্রদায়ের লোকজন বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত সময় পার করছেন।
উদযাপন কমিটির সভাপতি অমর কুমার সিংহ বলেন, বসন্ত রাসলীলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মণিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রকাশ। অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শ্রীকৃষ্ণ ভক্ত ও পূণ্যার্থীদের উপস্থিত থাকার জন্য তিনি আন্তরিক আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অশোক তালুকদার, সদস্য ও আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখা; অ্যাডভোকেট দীপংকর তালুকদার, এপিপি ও সদস্য সচিব, একই সংগঠনের জেলা শাখা; রবি কুমার দাস, জেলা শাখার প্রতিনিধি; এবং শংকর কুমার দাস, আহ্বায়ক, সংগঠনের ছাতক শাখা।
উৎসবে শ্রীকৃষ্ণের লীলাভিনয়, কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে ভক্তিময় পরিবেশ সৃষ্টি হবে বলে আয়োজকরা জানিয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও বসন্ত রাসলীলা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।