দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার হতদরিদ্র পরিবারের মেয়ে রাহিমা আক্তার রিজমা ৫০ মিটার মুক্ত সাঁতার প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে এই হাওরকন্যা।
রিজমার বাড়ি উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর মধুপুর গ্রামে। জরাজীর্ণ কুঁড়ে ঘরে বসবাস করা রিজমার পরিবার চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনযাপন করছে। দিনমজুর বাবা ফজল হক ও মা সরঞ্জুল নেছা প্রতিদিন শ্রম বিক্রি করে সংসার চালান। অভাব-অনটনের মধ্যেও নিজের স্বপ্নকে থামতে দেয়নি রিজমা।
বর্তমানে সে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল। বিশেষ করে সাঁতার ও ফুটবলে তার দক্ষতা ইতোমধ্যে সবার নজর কেড়েছে।
মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজলা রানী রায় বলেন, “রিজমা গরিব পরিবারের মেয়ে হলেও খেলাধুলায় অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা পেলে আমাদের এলাকার শিশুরা জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।”
রিজমার খেলাধুলার যাত্রা শুরু হয় স্থানীয় স্বপ্ন চূড়া স্পোর্টিং ক্লাবের সদস্য হিসেবে ফুটবল খেলার মাধ্যমে। ক্লাবের কোচ রাকিব হোসেন ভূইয়া বলেন, “রিজমা প্রথমে ফুটবল খেলত। পরে দেখা যায় সাঁতারেও সে অনেক ভালো করছে। সেই দক্ষতার কারণেই তাকে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করা হয়। আজ সে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে।”
তিনি আরও বলেন, দিরাই উপজেলায় অনেক প্রতিভাবান শিশু-কিশোর রয়েছে। প্রয়োজন শুধু উপযুক্ত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার। এসব সুবিধা নিশ্চিত করা গেলে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করতে পারবে।