সুনামগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবমুখর শহর

স্টাফ রিপোর্টার:
ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসায় মুখর হয়ে উঠেছে সুনামগঞ্জ শহর। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন জেলার শত শত ভক্ত-সমর্থক।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় শিশু, কিশোর, যুবক ও প্রবীণসহ বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও প্রিয় খেলোয়াড়দের ছবি বহন করে তারা স্লোগান, গান ও নাচের মাধ্যমে দলের প্রতি সমর্থন প্রকাশ করেন। তীব্র গরম উপেক্ষা করেও ভক্তদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক আল-মারজান বিজয় বলেন, “আমরা ম্যারাডোনার খেলা দেখিনি, তবে তার গল্প শুনে বড় হয়েছি। আর মেসির খেলা দেখার সৌভাগ্য হয়েছে। আর্জেন্টিনা শৈল্পিক ও নান্দনিক ফুটবলের দেশ। বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো আমরাও বিশ্বাস করি, আর্জেন্টিনা আবারও শিরোপা জয়ের সক্ষমতা রাখে।”
তিনি আরও বলেন, “২০২২ সালের বিশ্বকাপে যেমন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, তেমনি ভবিষ্যতেও দলটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী।”
শোভাযাত্রা শেষে ভক্তরা আর্জেন্টিনা দলের সাফল্য কামনা করেন এবং প্রিয় দলের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের কথা জানান।
আয়োজকরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে মানুষের আবেগ ও ভালোবাসার নাম। সেই আবেগ থেকেই সুনামগঞ্জের আর্জেন্টিনা সমর্থকরা একত্রিত হয়ে এই শোভাযাত্রার আয়োজন করেছেন।
শোভাযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন এবং সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।