নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলা ও পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি এবং সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থীভাবে বিবাহিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ২০২৪ সালের সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারানো ছাত্রদল নেতা মেহেদী হাসান নবাব।
সোমবার (৬ জুলাই) দুপুরে মদন পৌর শহরের একটি চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় পদবঞ্চিত ছাত্রদল নেতা জুবায়ের আহম্মেদ মারুফ ও মোহাম্মদ হিরন উপস্থিত ছিলেন।
এর আগে রোববার জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মদন উপজেলা ও পৌর ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট দুটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মেহেদী হাসান নবাব অভিযোগ করেন, নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের সভাপতিদ্বয় বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। এছাড়া দুই কমিটির ১০ সদস্যের মধ্যে সাতজনেরই ছাত্রত্ব নেই বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, এ ধরনের কমিটি ছাত্রদলের নীতিমালা ও সাংগঠনিক বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করলেও তাকে মূল্যায়ন করা হয়নি। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেও নতুন কমিটিতে তার নাম রাখা হয়নি।
নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ করে নবাব জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলায় তার বয়স ১৮ বছর পূর্ণ না হলেও তাকে আসামি করা হয়। এছাড়া ২০২২ সালের ৩১ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং তাকে কারাবরণ করতে হয়।
তিনি আরও বলেন, ২০২৩ সালে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ার পর দলীয় সিদ্ধান্তে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৮ জুলাই সরকারবিরোধী আন্দোলনে সামনের সারিতে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে তার একটি চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়। অন্য চোখেও এখনো গুলি রয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জেলা ছাত্রদলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান কমিটি বাতিল করে ছাত্রত্ব রয়েছে এবং দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হোক।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, “ছাত্রদল ত্যাগীদের সংগঠন। আমাদের অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন। আপাতত সংক্ষিপ্ত কমিটি করা হয়েছে। যাদের এই কমিটিতে রাখা হয়েছে তারাও ত্যাগী। পূর্ণাঙ্গ কমিটিতে আরও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। মেহেদী হাসান নবাবও একজন ত্যাগী কর্মী। সংগঠনের জন্য তার অবদান রয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় তার বিষয়টিও বিবেচনা করা হবে।”