সুনামগঞ্জে আধুনিক বাংলা গানের অনুষ্ঠান ‘হারায়ে খুঁজি’

আল-মারজান বিজয় পাশা::

গান, কবিতা ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আধুনিক বাংলা গানের অনুষ্ঠান ‘হারায়ে খুঁজি’। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে বাইটসুনাম ২৪-এর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাইট সুনামের প্রতিষ্ঠাতা দ্বিপাল ভট্টাচার্য্য ও নরেন ভট্টাচার্য।

সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শেরগুল আহমদ, শামীম সারোয়ার, নিখিল পুরকায়স্থ, সোমা সাহা ও শুভ্রা তালুকদার। কবিতা আবৃত্তি করেন শহিদুল কবির চৌধুরী সোহাগ। নৃত্য পরিবেশন করেন নৃত্যম নৃত্যালয়ের শিল্পী অহনা এষ।

সংগীত পরিবেশনায় যন্ত্রে সহযোগিতা করেন কুতুব উদ্দিন, সোহেল রানা, অমিত বর্মন ও অনুপম প্রতীক। তাদের পরিবেশনায় দর্শক-শ্রোতাদের জন্য সন্ধ্যাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মহিবুল ইসলাম চৌধুরী, লেখক সুখেন্দু সেন, হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গনিউল সালাদীন, বাউল তসকীর আলী, প্রভাষক শুভংকর তালুকদার মান্না, সাংবাদিক রনক বখ্ত, ব্যাংকার আশরাফ হোসেন লিটন ও নারী নেত্রী কলি তালুকদার আরতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে শিল্পী শেরগুল আহমদ বলেন, ‘প্রায় ২৫ বছর আগে হারায়ে খুঁজি অনুষ্ঠিত হতো। বহু বছর পর বাইট সুনাম ২৪-এর মাধ্যমে শিল্পকলায় অনুষ্ঠানটির পুনঃসূচনা হলো। আমরা চেষ্টা করব, এই প্রোগ্রাম যেন সব সময় চলমান থাকে।’