Oplus_16908288
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য আজিজুর রহমান লিটনকে সংবর্ধনা দিয়েছে দিরাই উপজেলা ছাত্রদল।
সোমবার (২ নভেম্বর) বিকেলে দিরাই পৌরশহরের থানা রোডে অবস্থিত জালাল সিটি কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আজিজুর রহমান লিটনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ছাত্রদলের নেতারা।
দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সংবর্ধনার জবাবে আজিজুর রহমান লিটন বলেন, ‘আমরা বিদেশে অবস্থান করলেও আমাদের মন পড়ে থাকে দেশে। দেশের মানুষের কল্যাণে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার প্রবাসীদের নিয়ে আমরা একটি সামাজিক ও মানবিক সংগঠন গড়ে তুলেছি। সংগঠনটির নাম দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে।’
তিনি বলেন, এ সংগঠনের মূল উদ্দেশ্য যুক্তরাজ্যপ্রবাসী দিরাই-শাল্লার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধন তৈরি করা এবং দেশে আর্তমানবতার সেবায় কাজ করা। সংগঠনটি বিভিন্ন দাতব্য ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, শীতকালীন অনুষ্ঠান, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সাংস্কৃতিক উৎসব।
আজিজুর রহমান লিটন আরও বলেন, ‘আমরা বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করি, যাতে আমাদের নতুন প্রজন্ম নিজেদের শিকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে। লন্ডনে সংগঠিত হয়ে আমরা দিরাই ও শাল্লায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছি। আজকের এই সম্মাননা আমাদের কাজের স্বীকৃতি। ছাত্রদলের নেতারা আমাদের কাজের মূল্যায়ন করেছেন, এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও যারা নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করেন, তাঁরা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আজিজুর রহমান লিটনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দিরাই উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।