সুনামগঞ্জে দায়সারাভাবে পালিত রক্তদান দিবস, রক্তদাতাদের সম্মান জানানোর দাবি

স্টাফ রিপোর্টার:::

সুনামগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তবে অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তুলনায় স্বেচ্ছায় রক্তদান দিবসটি অনেকটা দায়সারাভাবে পালন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রক্তদাতা সংগঠনের নেতারা। তাঁরা দিবসটি আড়ম্বরপূর্ণ ও মর্যাদার সঙ্গে উদ্‌যাপন এবং স্বেচ্ছায় রক্তদাতাদের যথাযথ সম্মান জানানোর দাবি জানিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের হলরুমে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্বেচ্ছায় রক্তদানকারী ও স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ (রুমি)। বিশেষ অতিথি ছিলেন জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সুমন বণিক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বনবীর তালুকদার রক্তিম।

কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাঁধন, ব্লাডলিংক, বিশ্বজন, বন্ধুমহল ব্লাড ফাইটার্স, খিদমা ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক জামালগঞ্জ, বিশ্বন্তরপুর উন্নয়ন ফোরাম, সুনামগঞ্জ হেল্প লাইন ও আলো রক্তদান সংস্থার প্রতিনিধিরা।

রক্তদাতা সংগঠনের নেতারা বলেন, সুনামগঞ্জে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস বেশ জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপন করা হলেও স্বেচ্ছায় রক্তদান দিবসটি অনেকটা দায়সারাভাবে পালন করা হয়। বরাদ্দের সীমাবদ্ধতার কারণে সিভিল সার্জন কার্যালয় কোনোমতে দিবসটি পালন করে থাকে।

তাঁরা বলেন, সারা বছর স্বেচ্ছায় রক্তদাতারা মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিজের শরীরের রক্ত দেওয়ার পাশাপাশি অনেক সময় রোগীর প্রয়োজনে যাতায়াত ও অন্যান্য কাজে নিজের পকেটের টাকাও খরচ করেন। জরুরি প্রয়োজনে ছুটে যান রোগীর পাশে। তাঁদের এই মানবিক উদ্যোগে অনেক মুমূর্ষু রোগী রক্তের অভাবে পড়া সংকট থেকে রক্ষা পান।

কিন্তু মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও রক্তদাতাদের সম্মান জানানো কিংবা তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বলে অভিযোগ করেন সংগঠনগুলোর নেতারা।

তাঁরা বলেন, সিভিল সার্জন কার্যালয় উদ্যোগী হলে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসটি আরও আড়ম্বরপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদ্‌যাপন করা সম্ভব। এ ক্ষেত্রে বরাদ্দের সীমাবদ্ধতা থাকলে দিবসের আগে জেলার সব স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠনকে নিয়ে প্রস্তুতিমূলক সভা করা যেতে পারে। এতে সংগঠনগুলো স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

রক্তদাতা সংগঠনের নেতাদের মতে, এ ধরনের আয়োজনের জন্য শুধু অর্থ বরাদ্দই নয়, প্রয়োজন উদ্যোগ, আন্তরিকতা ও রক্তদাতাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতে তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তাঁরা বলেন, রক্তদান হোক মানবতার বন্ধন, আর মরণোত্তর চক্ষুদানে ফিরুক দৃষ্টির আলো। স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে একটি মানবিক সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসতে হবে।