Oplus_16908288
দিরাই প্রতিনিধি::
জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি দিরাই সরকারি কলেজের দুই শিক্ষক। এমনকি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত কলেজটির পক্ষ থেকেও অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকতে পারেননি। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে দিরাই উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার। একই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন কলেজটির সহকারী অধ্যাপক সন্দীপন দাস। এ ছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে দিরাই সরকারি কলেজ।
সোমবার (২ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জনকারী এই দুই শিক্ষককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। নিজেদের অর্জনের স্বীকৃতি হিসেবে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই উপস্থিত থাকতে না পারায় তাঁরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার বলেন, “আমি কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি। আমার প্রতিষ্ঠানও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। অথচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয়নি। কর্তৃপক্ষের এমন দায়িত্বহীনতা খুবই দুঃখজনক।”
কলেজটির সহকারী অধ্যাপক ও শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হওয়া সন্দীপন দাস বলেন, “আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি, আমাদের কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমাদের অধ্যক্ষও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। অথচ আমরা কেউই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাইনি। এ ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না।”
এ বিষয়ে দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কালাম আজাদ ঘটনাটিকে অপ্রত্যাশিত উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন।