রনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাসকে বিদায় সংবর্ধনা

দিরাই প্রতিনিধি::

সুনামগঞ্জের রনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাসের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও) হরিমোহন রায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চন্দ্র শেখর দাস ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয়, নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা তাঁকে সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছে।

বক্তারা আরও বলেন, তাঁর অবসরে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ মানুষের শূন্যতা তৈরি হলো। তাঁর অবদান বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাসের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে তাঁর অবসরকালীন জীবন সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক—এ কামনা করেন উপস্থিত সবাই।