স্টাফ রিপোর্টার::
দলনিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে গড়ে ওঠা নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর ২যুগপূর্তি পালন করলো সুনামগঞ্জ জেলা সুজন।
এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা সুজনের উদ্যোগে সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুজনের উপদেষ্টা লেখক ও কলামিস্ট সুখেন্দু সেন হারু, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, জেলা সহসভাপতি শাহীনা চৌধুরী রুবি, জেলা সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হেলিনা আক্তার, মছিহুর রহমান রাসেল, মোজাহিদুল ইসলাম মজনু, রীনা আক্তার তৃষ্ণা আক্তার রোসনা, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি ফারুক রশিদ, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি আবু সাইদ, জিয়াউর রহমান জিয়া প্রমূখ।
বক্তারা বলেন, ২০০২ সালের ১২ নভেম্বর ‘সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন্স’ (সিএফই) নামে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। প্রাথমিক পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে কাজ শুরু করে সংগঠনটি। পরবর্তী সময়ে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্য নিয়ে ২০০৩ সালের ২১ ডিসেম্বর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘সুশাসনের জন্য নাগরিক’, সংক্ষেপে ‘সুজন’।
তারা বলেন, সুজন দেশের সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি দলনিরপেক্ষ স্বেচ্ছাব্রতী নাগরিক সংগঠন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, রাষ্ট্রের সব স্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।
আইনের শাসন, মানবাধিকার সংরক্ষণ, সমতা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের সচেতন, সক্রিয় ও সংগঠিত করতে কাজ করে সুজন। একই সঙ্গে প্রয়োজনীয় রাষ্ট্রীয় ও সামাজিক সংস্কারের পক্ষে জনমত গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করে সংগঠনটি।