স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো আধিপত্যবাদ মেনে নেবে না। যারা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে দেশের রাজনীতি ও স্বার্থকে প্রভাবিত করতে চায়, তাদের অপতৎপরতা রুখে দিতে হবে।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত নবনির্বাচিত জেলা আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আজাদ বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কাজ করেন। আল্লাহকে সাক্ষী রেখে যারা দ্বীনি দায়িত্ব পালনের শপথ নিয়েছেন, তাঁদের শপথের মর্যাদা রক্ষা করতে হবে। দায়িত্ব ও কর্তব্য পালনে সততা, নিষ্ঠা এবং ত্যাগের মানসিকতা থাকতে হবে।’
তিনি আরও বলেন, শুধু সংগঠনের রুকন বা সদস্য হলেই প্রকৃত মুমিন হওয়া যায় না। এ জন্য আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিনকে শপথবাক্য পাঠ করান ড. এএইচএম হামিদুর রহমান আজাদ।
নবনির্বাচিত জেলা আমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আব্দুল হান্নান এবং উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে ইসলামী বিপ্লব সাধিত হবে। দেশের পথহারা মানুষ সঠিক পথের দিশা খুঁজছে। মানুষের সেই প্রত্যাশা পূরণে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। এ অঞ্চলের মানুষ সহজ-সরল। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার প্রতিটি এলাকায় প্রার্থী দিয়ে তাঁদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে সুনামগঞ্জে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল কবির ও অ্যাডভোকেট নুরুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুস সাত্তার, মো. শাহ আলম ও ডা. হারুনুর রশিদসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের পুরুষ ও নারী রুকনরা অনুষ্ঠানে অংশ নেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।