পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

শান্তিগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ নম্বর পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মমিন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি দলীয় মনোনয়ন পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

প্রেসব্রিফিংয়ে লিখিত বক্তব্যে আব্দুল মমিন বলেন, দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি পাথারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে সম্পৃক্ত রয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে বিএনপির রাজনীতি করতে গিয়ে বিভিন্ন মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন আব্দুল মমিন। এ সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। নানা চাপ ও প্রলোভন সত্ত্বেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি জানিয়ে তিনি বলেন, দলের আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ও শ্রম ব্যয় করেছেন।

আব্দুল মমিন বলেন, ‘বিএনপি আমার কাছে শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি আমার দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা। আমার রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অবদান বিবেচনা করে আসন্ন পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, দল তাঁকে মূল্যায়ন করে মনোনয়ন দিলে পাথারিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা, এলাকার উন্নয়ন এবং বিএনপির সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও আনুগত্য বজায় রাখার অঙ্গীকার করেন তিনি।

প্রেসব্রিফিংয়ে আরও বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্কাস মিয়া, সদস্য মোহাম্মদ রাজ্জাক মিয়া এবং পাথারিয়া গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ তারা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা শব্দুল মিয়া, ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফয়জুল হক, মুসলিম পাঠানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।