Oplus_16908288
সুনামগঞ্জে মাদকবিরোধী ফুটবল লীগের ফাইনাল খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলভী এফসি। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড়পাড়া বিবির মোকাম সংলগ্ন মাঠে তেঘরিয়া মড়লহাটি যুব সমাজ আয়োজিত তেঘরিয়া মড়লহাটি ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত ৯ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো—আলভী এফসি, আরিশা এন্ড নুষাইবা এফসি, তোফায়েল এফসি ও সিআর সেভেন। শুক্রবারের ফাইনালে মুখোমুখি হয় আলভী এফসি ও আরিশা এন্ড নুষাইবা এফসি।
নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোলে জয়লাভ করে আলভী এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর রানার্সআপ হয় আরিশা এন্ড নুষাইবা এফসি।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহসান জামিল আনাস, ক্রীড়া সংগঠক সেজুল আহমদ, রুহুল আমীন, রবিন, এনামুল হক, আব্দুল বাছিদ ও রেজাউল হোসেন প্রমুখ।
পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
টুর্নামেন্টটি আয়োজন করেন তানজীব হাসান সজীব, বাপ্পী ও সাকিব। ফাইনাল খেলা পরিচালনা করেন রুকন উদ্দিন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদকবিরোধী এ ফুটবল লীগের আয়োজন করা হয়েছে।